বাংলাদেশে বছরে এক লাখ মানুষের মধ্যে ২২৫ জন নতুনভাবে যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে। এই রোগে বছরে প্রতিলাখে মারা যাচ্ছে ৪৫ জন। কাজেই এই অবস্থার পরিবর্তনে জনসচেতনতা সৃষ্টির কোনও বিকল্প নেই। সোমবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় প্যারীমোহন লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাব জেলা সমিতির সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু।
সভায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান প্রধান অতিথি এবং ডা. এএফএম নুরুজ্জামান মুন্সি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং নাটাবের কেন্দ্রীয় সোস্যাল মোবিলাইজার জাহিদ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।
সভায় নওগাঁর সব ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








