রোহিঙ্গাদের নির্মূল করতে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘মানবিক দিক বিবেচনা করেই বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। এটা বিশ্বের কাছে মানবতার জন্য বাংলাদেশের অনন্য এক নজির। আর এই দৃষ্টান্ত স্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের নেতারা উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। সেখানে একটি স্বাস্থ্য ক্যাম্পেরও উদ্বোধন করা হয়। এসময় পর্যটনমন্ত্রী উপরের কথাগুলো বলেন। স্বাস্থ্যমন্ত্রী, পর্যটনমন্ত্রী ছাড়াও সেখানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়াসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা।
রাশেদ খান মেনন আরও বলেন, ‘রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার জন্য আমরা নিন্দা জানিয়েছি। প্রধানন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গ জাতিসংঘেও উত্থাপন করেছেন।’








