মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটসহ রোহিঙ্গা নিধনযজ্ঞ মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশদ এরশাদ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জাতীয় পার্টির ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
রওশদ এরশাদ বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে। ঘরবাড়ি জ্বালিয়ে দিতে পারে। রোহিঙ্গারাও তো মিয়ানমারের বাসিন্দা। তাদেরও তো রয়েছে পূর্ণ নাগরিক অধিকার।’
জাতীয় পার্টির পক্ষ থেকে রোহিঙ্গা ক্যাম্পে তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এসময় তার সাথে রওশদ এরশাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী কাজি ফিরোজ রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, হুইপ শওকত চৌধুরী, হুইপ নুরুল ইসলাম উমর, সংসদ সদস্য আলহাজ মো. ইলিয়াছ, ফখরুল ইমাম এমপি, জিয়াউল হক মৃধা, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী, ইঞ্জিয়ার মামুনুর রশীদ এমপি, মেহে জামিন মোরশেদ এমপি, খোরশেদ আরা হক এমপি, সালাহ উদ্দিন মুক্তি, কক্সবাজার জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, মোশারফ হোসেন দুলাল ও নাজিম উদ্দিন প্রমুখ।








