নারায়ণগঞ্জ শহরের রেল স্টেশন এলাকা থেকে আটক আব্দল্লাহ রোহিঙ্গা নয় বলে জানিয়েছে পুলিশ। তার প্রকৃত নাম মাহবুব হোসেন। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হোনাইনি নগর এলাকায়। তার বাবার নাম মোক্তার হোসেন। তিনি একজন মানসিক প্রতিবন্ধী। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, নারায়ণগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে। তার শারীরিক অবস্থা দেখে নগরীর খানপুরে অবস্থিত তিনশ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে রবিবার দুপুরে তিন জন পুলিশ পাহারায় টেকনাফ শরণার্থী ক্যাম্পের উদ্দেশ্যে পুলিশ রওনা হয়। রাতে গণমাধ্যমে আসা ছবি দেখে তার পরিবার নিশ্চিত করে তিনি মাহবুব। পরিবারের কাছে লোকজন তার ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় নিয়ে আসলে পরে তাকে মাঝপথ থেকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি শাহীন পারভেজ জানান, ওই যুবক একজন দক্ষ অভিনয়কারী। আমাদের পুলিশসহ এতোগুলো লোককে সে ফাঁকি দিয়েছে রোহিঙ্গা পরিচয় দিয়ে। ওর বাবা মোক্তার জানিয়েছেন, দেয়াল থেকে পড়ে ওর বাম পা ভেঙে গেছে। তিনি দীর্ঘ দিন ধরে ভারতীয় একজন চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন। যে কারণে তিনি ভারতীয় ভাষা বলতে পারেন।
মাহবুবের বাবা মোক্তার হোসেন জানান, মাহবুব প্রায় এক বছর বরিশাল গিয়ে ভারতীয় পরিচয় দিলে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বরিশাল জেলার উজিরপুর থানায় মামলা হয়। পরে সেখান থেকে তার বাবা খবর পেয়ে জামিন করিয়ে নিয়ে আসেন। তিনি মানসিক প্রতিবন্ধী।








