কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় ঢাকাগামী রয়েল কোচ সার্ভিসের একটি বাস থেকে ককটেলগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এগুলো উদ্ধার করা হয়। এ সময় শাহাবুদ্দিন (৩০) নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়।
শাহাবুদ্দিন ভোলার রাম মোহন উপজেলার কালামা গ্রামের বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশিকালে চারটি ককটেল উদ্ধার করা হয়। সন্দেহভাজন হিসেবে আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








