বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম বদলে নিজের নামে নামকরণ ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সাইনবোর্ড সরানোর অভিযোগে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলার একটি খারিজ করে দিয়েছেন আদালত।
অভিযোগ প্রত্যাহারের জন্য বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-২) লুৎফর রহমান এ আদেশ দেন। একইসঙ্গে আদালত অন্য মামলার বিষয়ে আদেশের জন্য আগামী সোমবার (২ অক্টোবর) দিন ধার্য করেছেন। সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মিন্টু কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ (বৃহস্পতিবার) বিকালে বাদী অজিবুল ইসলাম জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন-২০০১ এর চার নম্বর ধারায় দায়ের করা অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন। বিচারক বাদীর জবানবন্দি নিয়ে ২৪৮ ধারায় ওই অভিযোগ খারিজ করে দেন। তবে একইসঙ্গে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় দায়ের করা অন্য অভিযোগটির বিষয়ে আদেশের জন্য আগামী সোমবার দিন ধার্য করেন বিচারক।
প্রসঙ্গত, বুধবার জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন-২০০১ এর চার নম্বর ধারা এবং দণ্ডবিধি আইনের ৫০০/৫০১ ধারায় দু’টি মামলা দায়ের করেন বীরগঞ্জ উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য ও বীরগঞ্জ উপজেলার গোপালপুর বাসুদেবপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে অজিবুল ইসলাম।
পৃথক দু’টি অভিযোগে বলা হয়, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ক্ষমতার অপব্যবহার করে বীরগঞ্জ থানার দুই নম্বর পলাশবাড়ী ইউনিয়নের বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম বদলে নিজের নামে নামকরণ করেন। একইসঙ্গে তিনি কলেজের সামনে থেকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত সাইনবোর্ডও সরিয়ে ফেলেন।
আরও পড়ুন-
বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন, এমপির বিরুদ্ধে আদালতে মামলা
বঙ্গবন্ধুর বদলে এমপির নামে কলেজ: আ.লীগের দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য








