লক্ষ্মীপুরে সাংবাদিক রফিকুল ইসলামকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রফিকুলের অভিযোগ সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও তার লোকজন তার ওপর হামলা চালিয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চেয়ারম্যানের নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রফিকুল ইসলাম স্থানীয় লক্ষ্মীপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা।
রফিকুল ইসলাম জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর ছাপা হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে চেয়ারম্যান মোবাইল ফোনে তার বাড়িতে রফিককে যেতে বলেন। সেখানে গেলে চেয়ারম্যান ও তার বাহিনীর সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।
চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, ‘মারামারির কোনও ঘটনা ঘটেনি। তবে কথা কাটাকাটি হয়েছে।’








