পালিত মেয়েকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে নুরনবী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০১ সেপ্টেম্বর) নগরীর বায়েজিদ থানায় ভিকটিম মামলা করলে পুলিশ নুরনবীকে গ্রেফতার করে।
গ্রেফতার নুরনবী সম্পর্কে ভিকটিমের খালু হন। মেয়েটি তাকে বাবা বলে ডাকতো। তিন বছর বয়সে মা মারা যাওয়ার পর থেকে সে তার খালার (অভিযুক্ত নুরনবীর স্ত্রী) কাছে লালিত-পালিত হয়ে আসছিল। বর্তমানে সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই কিশোরীর পালক বাবার কাছে যৌন নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি স্থানীয়রা থানায় জানায়। পরে পুলিশ তাদের দু’জনকে থানায় ডেকে আনলে ভিকটিম নির্যাতিত হওয়ার বিষয়টি স্বীকার করে থানায় মামলা করে। ওই মামলায় নুরনবীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
ওসি আরও বলেন, ‘ভিকটিমের বয়স এখন ১৫ বছর। মা মারা যাওয়ার পর গত ১২ বছর ধরে সে নগরীর বায়েজিদ এলাকায় খালার কাছে লালিত-পালিত হয়ে আসছে। ভিকটিম তার খালাকে মা এবং খালুকে বাবা ডাকতো।’ তিনি আরও বলেন, ‘মেয়েটি অভিযোগ করেছে, পালক বাবা দীর্ঘদিন ধরে তাকে যৌন নিপীড়ন করে আসছিল। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর তাকে ধর্ষণ করে সে।’
ওসি বলেন, ‘আমরা তার অভিযোগ খতিয়ে দেখছি। ডাক্তারির পরীক্ষার জন্য ভিকটিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তাকে ভিকটিম সার্পোট সেন্টারে পাঠানো হয়েছে।’








