চট্টগ্রামের দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস তেল নিয়ে যাওয়ার সময় ওয়াগন ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশনের অদূরে রেলওয়ে সেতুর কাছে এ ঘটনা ঘটে।
কালুরঘা মোহরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার অতীশ চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওয়াগন বা ইঞ্জিনের তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি জানান।
অতীশ চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইঞ্জিনের কার্বন বক্সে ময়লা জমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট মোহরা ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি গাড়ি এবং বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। তবে এর আগে ট্রেনের চালক ইঞ্জিন বন্ধ করে দেওয়ায় আগুন নিভে যায়। এতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আবু জাফর বলেন, ‘ফার্নেস তেলবাহী আটটি বগি নিয়ে সকাল ১০টার দিকে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। দুপুরে গোমদণ্ডী স্টেশন ছেড়ে একটু সামনে গেলে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।’








