মাদারীপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রী বৃহস্পতিবার দুপুরে অপহরণের দুই ঘণ্টা পর ফেরত দিয়েছে অপহরণকারী। তবে অপহরণকারীকে আটক করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, দুপুরে প্রাইভেট পড়ে তিন বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী। পথে তাকে জোরপূর্বক রিকশায় উঠিয়ে নিয়ে যায় পানিছত্র এলাকার বাসিন্দা দুই সন্তানের বাবা হারুন। বিষয়টি জানতে পেরে দ্রুত মাদারীপুর সদর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে ওই শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারী। প্রায় দুই ঘণ্টা পর শহরের লেকেরপাড় এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, পুলিশের প্রচেষ্টায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








