ভারত সীমান্তের নোম্যান্সল্যান্ডে নিজেদের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আশরাফ আলীর (২৫) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৬ অক্টোবর ) বিকালে ঝিনাইগাতী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের নোম্যান্স ল্যান্ড দিয়ে নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবির কাছে লাশটি হস্তান্তর করে বিএসএফ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আশরাফ আলী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়া মুন্সির ছেলে।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ অক্টোবর) দুপুরে ছুটিতে এসে গার্মেন্টস কর্মী আশরাফ আলী ঝিনাইগাতীর পাইকুড়া গ্রামের বাড়ি থেকে গারো পাহাড়ের নকশী গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে তিনি গজনী অবকাশ পর্যটন কেন্দ্র এলাকার ভারত সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় চলে যান। এর পর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার বিজিবি পতাকা বৈঠকে বিএসএফকে জানায়, ভারত সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফের গুলিতে আশরাফ নিহত হয়েছেন।
বিজিবি সূত্র জানায়, নকশী এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০১ (৭ এস) নম্বর পিলারের নোম্যান্সল্যান্ডে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার কুচ্ছুয়া আদকগ্রী ক্যাম্পের বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির কাছে আশরাফের লাশ হস্তান্তর করে। পরে লাশটি ঝিনাইগাতী থানা পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার নুরুল ইসলাম, বিএসএফ হালচাটি ক্যাম্পের কোম্পানি কমান্ডার এল. মারাক, ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলামসহ নিহতের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
ওসি আব্দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশরাফের লাশের ময়নাতদন্তের রিপোর্টে গুলির আঘাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে।’








