নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে শরীয়তপুরে ৪০ জেলেকে অর্থ ও কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এসব জেলেদের আটক করা হয়। এ সময় ৭৪ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ছয়শ’ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে নদীতে মা ইলিশ শিকার বন্ধ রাখার জন্য শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত নদীতে ১৫টি অভিযান পরিচালনা করা হয়। এসময় জাজিরা, ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা সংলগ্ন পদ্মা নদী থেকে ৪০ জেলেকে আটক করা হয়। পরে ৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং ১৭ জনকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
অভিযানের সময় নদী থেকে ৭৪ হাজার মিটার কারেন্ট জাল ও ছয়শ’ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, প্রতিদিনই জেলেদের ধরা হচ্ছে, সাজা দেয়া হচ্ছে। তারপরেও বিভিন্ন স্থানে মাছ ধরা হচ্ছে। বিশ কিলোমিটার নৌপথ পাহারা দেওয়ার মতো জনবল আমাদের নেই।








