পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের তুষখালী লঞ্চঘাটে এ ঘটনা হটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনর রশিদ তালুকদারের নির্দেশে ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস তালুকদার ও তার সহযোগীরা গত ৩ সেপ্টেম্বর একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদারকে তুষখালী বাজার এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে।
৪ সেপ্টেম্বর রাতে তুষখালী হাইস্কুলের টয়লেটের সেপটি ট্যাংকের পাশ থেকে পুলিশ হাবিবুর রহমান তালুকদারের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে হাফিজুর বাদী হয়ে ৫ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. হারুনর রশীদ তালুকদার, ইদ্রিস তালুকদারসহ ১৭ জন নামীয় ও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সূত্র জানায়, শনিবার (৭ অক্টোবর) সকালে এই হত্যা মামলার আসামি হিমু তালুকদারের জামাই সলিম পঞ্চায়েতের সঙ্গে নিহত হাবিব তালুকদারের পুত্র দুবাই প্রবাসী মানিক তালুকদার ও টুকু তালুকদারের কথাকাটি হয়। এক পর্যায়ে সলিম পঞ্চায়েতকে মারধর করে মানিক ও টুকু তালুকদার। তখন পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার তেলীখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের সুমন নামের এক ব্যক্তি সলিম পঞ্চায়েতকে রক্ষা করতে গেলে মানিক ও টুকু তাদেরকে ধাওয়া করেন।
নিহত হাবিব তালুকদারের ছেলে মানিক তালুকদার জানান, শনিবার সন্ধ্যার দিকে সুমনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তুষখালী লঞ্চঘাট এলাকায় থাকা শ্রমিক লীগের কার্যালয় ও বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা চালায় এবং ভাঙচুর করে।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন জানান, হামলা ভাঙচুরের সময় ঘটনাস্থলে থাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’জনকে আটক করেন। এসময় সুমন ও তার সহযোগীরা ওসিকে জিআই পাইপ দিয়ে আঘাত করেন। তিনি বলেন, ‘এ সময় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনসহ ১২জনকে আটক করে।’ পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ।








