
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মারিখালী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ইমরান হোসেন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাসুদ মিয়া (২০) নামে আরও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। রবিবার সকালে সোনারগাঁওয়ের পিরোজপুর এলাকার আষাঢ়িয়ার চরের পাশ দিয়ে প্রবাহিত মারিখালী নদীতে এ ঘটনা ঘটে । নিখোঁজ শ্রমিকের খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছে।
মৃত ও নিখোঁজ দুজনই সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের শ্রমিক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোর্শেদ আলম।
সোনারগাঁও থানার ওসি মোর্শেদ আলম জানান, রবিবার সকালে সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা গ্রুপে কর্মরত পাঁচ শ্রমিক পিরোজপুর এলাকার আষাঢ়িয়ার চরের মারিখালী নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় ৫ জনের মধ্যে তিনজন সাঁতার কেটে নদীর ওই পাড়ে উঠতে সক্ষম হয়। কিন্তু, ইমরান হোসেন ও মাসুদ মিয়া পানিতে ডুবে যায়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দুপুরে ডুবুরি দল ইমরান হোসেনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ মাসুম মিয়াকে এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, ইমরান হোসেন ও মাসুদ মিয়া নরসিংদী জেলার বাসিন্দা।








