নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বিএন ডিকসন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কোস্টগার্ড বেইস ভোলার দু’টি অপারেশন দল ভোলার মেঘনা নদীর ইলিশাঘাট ও ভেদুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। সাতটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৭ জন জেলে, ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটক কাঠের নৌকাসহ জেলেদের ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়।
বিএন ডিকসন চৌধুরী জানান, ভোলা সদর মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ গরিব ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।








