রাজশাহীর পুঠিয়া উপজেলার নওয়াপাড়ায় দল বেঁধে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় তার সাবেক স্বামী শাহজাহান আলীকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর ধর্ষণের শিকার হওয়ার পর বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলার প্রধান আসামি হাসেম আলীর ছেলে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি আব্দুল জলিলের ছেলে শামীম (২৩) এবং আছের আলীর ছেলে ফারুক হোসেনকে (২৫) গ্রেফতারের চেষ্টা চলছে। এর মধ্যে শাহজাহান আলী হলো মেয়েটির সাবেক স্বামী।’
ওসি জানান, বেশ কিছুদিন আগে মেয়েটির সঙ্গে শাহজাহানের বিয়ে হয়েছিল। সম্প্রতি তাদের বিচ্ছেদ ঘটে। তখন থেকেই মেয়েটি তার বাবার বাড়িতে থাকতো। তিনি আরও বলেন, বর্তমানে ওই কলেজছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
কলেজছাত্রীর বাবা জানান, তার মেয়ে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে নিজ এলাকায় নানীর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে ওঁত পেতে থাকা শাহজাহান আলী, শামীম ও ফারুক মিলে মেয়েটিকে জোর করে বাড়ির পাশের একটি পেয়ারা বাগানে ধরে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে অস্ত্রের মুখে ধর্ষণ করে রাত ১১টার দিকে ছেড়ে দেয়। তাদের হুমকির মুখে কাউকে কিছু না জানালেও সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে তাকে বৃহস্পতিবার সকালে থানায় নিয়ে গেলে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।








