সুবিধা বঞ্চিত শিশুদের পাশে বুলেট মল্লিক

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
২২ অক্টোবর ২০১৭, ১০:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৩:৪৮

সুবিধা বঞ্চিত শিশুদের পাশে বুলেট মল্লিক গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শিশুরা শিক্ষাসহ মৌলিক সুবিধা বঞ্চিত। মূলত এলাকার চারদিকে পানি, বিদ্যালয় দূরে, পরিবারের আর্থিক দূরাবস্থার কারণে এসব এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। বাবা-মা সংসার চালিয়ে সন্তানদের স্কুলে পাঠাতে পারেন না। তাই বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন বুলেট মল্লিক বাদল নামে স্থানীয় এক যুবক।

জানা গেছে, শিশু শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছেন বুলেট মল্লিক। শিশুদের জন্য তিনি সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ির আঙিনায় হেনা শিশু কানন বিদ্যানিকেতন নামে ১০টি পাঠশালা গড়ে তুলেছেন। এসব পাঠশালায় শিশুদের বিনামূল্যে ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, স্কুল পোশাকসহ শিক্ষা উপকরণ দেওয়া হয়। স্কুলে নিজের টাকায় শিক্ষক নিয়োগ দিয়েছেন। এসব পাঠশালায় বিনামূল্যে পড়ানো হয়।

জানা গেছে, প্রচলিত শিক্ষার পাশাপাশি এসব পাঠশালায় শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করানো হয়।

বুলেট মল্লিক বাদল কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ি গ্রামের সুভাষ মল্লিকের ছেলে। তিনি ২০১৩ সালে এলএলবি পাস করেন। বর্তমানে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।

বন্ধুদের কাছ থেকে পাওয়া অনুদান ও নিজের আয়ের টাকায় এসব পাঠশালা চলে। গত দেড় বছর ধরে প্রতিটি পাঠশালায় ২৫/৩০ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।

বুলেট মল্লিক বাদল শিক্ষার্থী সুজয় মল্লিক, চাঁদনী মজুমদার জানায়, প্রাইমারি স্কুল ছুটির পর তারা হেনা শিশু কানন বিদ্যানিকেতনের পোশাক পরে পাঠশালায় আসে। এখানে বসেই তারা প্রতিদিনের স্কুলের পড়া শেষ করে। পাঠশালা থেকে তাদের পোশাক, ব্যাগ, খাতা, পেন্সিল, কলম, চক বিনামূল্যে দেওয়া হয়।

শিক্ষক তপু মল্লিক বলেন, ‘বুলেট মল্লিক বাদলের পাঠশালায় দরিদ্র পরিবারের ছোট শিশুদের অক্ষরজ্ঞান দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়। এছাড়া প্রতিদিনই প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণির শিশুরা স্কুল ছুটির পর এ পাঠশালায় আসে। তারা এখানে বসে স্কুলের প্রতিদিনের সব পড়া সম্পন্ন করে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে আর তাদের পড়াশোনা করতে হয় না। পাঠশালা শিক্ষকদের প্রতি মাসের বেতন বুলেট মল্লিক দেন।

অভিভাবক সেতু মল্লিক বলেন, ‘আমাদের এলাকার অধিকাংশ পরিবার দারিদ্রসীমার নিচে বসবাস করেন। ছেলে-মেয়েদের প্রাইভেট পড়ানোর সামর্থ আমাদের নেই। তাই ছেলে মেয়েরা পড়াশোনায় মনোযোগী হতে পারছিল না। অনেকেই প্রাথমিকের গন্ডি পার হওয়ার আগেই ঝরে যাচ্ছিলো। এর মধ্যে দেড় বছর আগে বুলেট মল্লিক এলাকায় ১০টি পাঠশালা করেছে। প্রতিটি পাঠশালায় ২৫/৩০ জন শিশু পড়ার সুযোগ পাচ্ছে। এখানে শিশুরা এসে ক্লাসের পড়া সম্পন্ন করছে। গত বছর এসব শিশুরা বিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে।’

সাদুল্লাপুর ইউনিয়নের ভূতেরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর মামুন হোসেন বলেন, ‘বুলেট মল্লিকের পাঠশালা এলাকার শিশুদের মাঝে শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। শিশুরা আগে প্রতিদিনের পড়া তৈরি করে স্কুলে আসতো না। ওই পাঠশালার বদৌলতে শিশুরা সেখানে বসেই পড়া তৈরি করে পরেরদিন স্কুলে আসছে। বিদ্যালয়ে ভালো করছে। গত বছরের ফাইনাল পরীক্ষায়ও তারা ভালো করেছে। ঝরে পড়ার হার কমেছে। পশ্চাৎপদ এলাকার দরিদ্র জনগোষ্ঠির শিশুদের জন্য এ পাঠশালা অব্যাহত রাখা গেলে শিশুরা আলোর পথে এগিয়ে যাবে।’

সুবিধা বঞ্চিত শিশুদের পাশে বুলেট মল্লিক পাঠশালার উদ্যোক্তা বুলেট মল্লিক বাদল বলেন, ‘বঞ্চিত শিশুদের উন্নয়নের মূল স্রোতধারায় সামিল করতেই আমি পাঠশালা করার চিন্তা করি। দেড় বছর আগে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ আরও অনেকের আর্থিক সহযোগিতায় স্কুল শুরু করি। এখন ১০টি স্কুল চলছে। আরও ১৪টি স্কুল করার উদ্যোগ নিয়েছি। কিন্তু এখন আর্থিক সহযোগিতা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমি একজন নবীন আইনজীবী হিসেবে সামান্য আয় করি। এ দিয়ে স্কুল চালিয়ে যাওয়া কঠিন। তারপরও আমি এ মহৎ কাজ করে যাচ্ছি। তবে সমাজের হৃদয়বান মানুষ এ কাজে এগিয়ে আসলে আমার উদ্যোগ সফল হবে। জ্ঞানের আলোয় আলোকিত হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধ ও শান্তিময় জীবন গড়ে তুলবে।’

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন বলেন, ‘নিঃস্বার্থ মানুষরাই শিক্ষা বিস্তারসহ সমাজের সব ধরনের উন্নয়নে এগিয়ে এসেছেন। তাদেরই একজন তরুণ সমাজসেবক বুলেট মল্লিক বাদল। তার হাত ধরেই পশ্চাৎপদ গ্রামের দরিদ্র শিশুরা আলোর পথযাত্রী হচ্ছে। এটি আমাদের সমাজ ও দেশের জন্য সু-সংবাদ।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভুঁইয়া বলেন, ‘এ ধরনের কাজের জন্য বাদলকে আমরা সাধুবাদ জানাই। সমাজের সামর্থবান যুবকরা এভাবে এগিয়ে আসলে আমাদের এলাকার শিক্ষার মান আরও উন্নত হবে।’

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার অন্যদেরও এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি এই উদ্যোক্তাকে তার সাধ্যমত সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

আরও পড়ুন:
কবে শুরু হবে প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম?

 

/এসএনএইচ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান