আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় রবিবার (২২ অক্টোবর) সকাল থেকে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এছাড়াও বিকালে ঘাট থেকে ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চ চলতে শুরু করবে। পটুয়াখালী নদী বন্দরের পরিদর্শক মো. মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। কিন্তু নদী বন্দরের দুই নম্বর সতর্ক সংকেত কমিয়ে এক নম্বরে নামিয়ে আনা হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চগুলো বিকালে যাবে। টার্মিনালে সুন্দরবন-৮ ও জামাল নামের দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে।’
উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে গতকাল শনিবার (২১ অক্টোবর) বিকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর আগে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।








