বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রবিবার (২২ অক্টোবর) সকালে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বান্দরবান ইউনিটির আয়োজনে বান্দরবান সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ।
এসময় সভায় বক্তারা বলেন, ২০১০ সালের ৮ ডিসেম্বর জাতীয় সংসদে জাতীয় শিক্ষানীতি গৃহীত হলেও অদ্যাবধি বেসরকারি কলেজ জাতীয়করণের কোনও বিধিমালা প্রণীত হয়নি। অথচ জাতীয়করণ চলছে অব্যাহতভাবে। এই ধরনের কার্যক্রম মহান জাতীয় সংসদকে অবমাননার শামিল।
বক্তারা আরও বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শিক্ষা ক্যাডারে বেসরকারি কলেজ জাতীয়করণসহ অন্য যে কোনও প্রক্রিয়ায় শিক্ষক আত্তীকরণ সমর্থন করে না।
মতবিনিময় সভায় তারা চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো আগামী ১৬ নভেম্বর জাতীয়করণের জন্য ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারি করা না হলে ১৭ নভেম্বর ঢাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মহাসমাবেশ ডেকে কঠের কর্মসূচি ঘোষনা করা হবে।
এই সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর মো. মকছুদুল আমিন, সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলীসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্য ও জেলায় কর্মরত সংবাদকর্মীরা।








