গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত ও তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টায় শ্রীপুর-রাজাবাড়ী সড়কের শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। শ্রীপুর থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন এ তথ্য জানান।
নিহতরা হলেন উপজেলার ডোয়াইবাড়ী (নার্সারি মাঠ) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সিয়াম (১২) ও নজরুল ইসলামের ছেলে শিহাব (১২)।
নিহত দু’জনই ডোয়াইবাড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন জানান, মডেল টেস্ট পরীক্ষা শেষে অটোরিকশাযোগে শ্রীপুর থেকে বাড়ি ফিরছিল। তাদের বহনকারী অটো শাহজাহানপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো উল্টে গেলে ঘটনাস্থলেই সিয়াম ও শিহাব নিহত হয়। স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। টমটমের চালক ও সহকারী পালিয়ে গেছে।








