নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিকৃত ছবি ফেসবুকে পোস্টের অভিযোগে ফিরোজ আলম (২৫) নামের এক তরুণকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রাম থেকে ওই তরুণকে আটক করা হয়। তিনি পশ্চিম মাইজচরা গ্রামের নুর ইসলাম ধনুর ছেলে।
আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বকসি জানান, ফিরোজ আলম দীর্ঘদিন যাবৎ ফেসবুকে তার নিজ নামে ও ফেক আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ছবি বিকৃত করে পোস্ট করছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ফিরোজ আলমকে আটক করে তার আইডিগুলো পর্যবেক্ষণ করে ঘটনার সত্যতা পেয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে তাকে চৌকিদারের মাধ্যমে সুধারাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার ঘোষ জানান, অভিযুক্ত ফিরোজের ফেসবুক আইডিগুলো তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।








