বরগুনার তালতলী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদ ধসে সাইদুল ইসলাম (৭) নামে প্রথম শ্রেণির এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর গেন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করেন।
নিহত সাইদুল ইসলাম গেন্ডামারা গ্রামের নজীর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আজ (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে সাইদুল ইসলাম উত্তর গেন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদে খেলছিল। এসময় হঠাৎ ছাদ ধসে পড়ে। এতে ছাদের নিচে চাপা পড়ে সাইদুল প্রাণ হারায়। সাইফুদ্দিন নামে অন্য এক শিশু বাড়ি গিয়ে সাইদুলের মাকে এ ঘটনা জানায়। পরে স্থানীয়রা ধসে যাওয়া ছাদের নিচ থেকে সাইদুলের লাশ উদ্ধার করেন।
ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।








