পেটে সন্তান রেখেই অপারেশন শেষ করলেন চিকিৎসক!

মাসুদ আলম, কুমিল্লা
২৪ অক্টোবর ২০১৭, ২৩:২৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২৩:৩৪

পেটে সন্তান রেখেই অপারেশন শেষ করলেন চিকিৎসক! কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে অপারেশন করে প্রসূতির গর্ভ থেকে একটি সন্তান বের করে অন্যটিকে ভেতরে রেখেই কার্যক্রম শেষ করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ডা. শেখ হোসনে আরা নামের ওই চিকিৎসককে শোকজ করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যদের তদন্ত কমিটি।

অভিযুক্ত ডা.শেখ হোসনে আরা প্রসূতির গর্ভে দুটি সন্তান থাকার কথা স্বীকার করলেও ভুলের জন্য দায়ী করেন আল্ট্রাসনোগ্রাম রিপোর্টকে। তিনি বলেন,‘আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে দুটি সন্তানের কথা উল্লেখ থাকলেও বলা হয়নি একটি জরায়ুর বাইরে আছে। আমি অপারেশন করতে গিয়ে জরায়ুর বাইরে টিউমারের মতো দেখেছি। রক্তপাতের আশঙ্কায় সেখানে হাত দেইনি।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনে করেন, পুরো ঘটনায় ডা.শেখ হোসনে আরার গাফিলতি রয়েছে।

ভুক্তভোগী খাদিজা আক্তার কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের প্রবাসী আউয়াল হোসেনের স্ত্রী। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) এখানে তার ফের অপারেশন হওয়ার কথা রয়েছে। খাদিজা আক্তারের মা জানিয়েছেন, তার মেয়ের গর্ভে থেকে যাওয়া সন্তানটি ইতোমধ্যেই মারা গেছে।

রোগীর স্বজনরা জানান, গত ১৮ সেপ্টেম্বর গৌরীপুর লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে খাদিজাকে অপারেশন করেন দাউদকান্দির মালিগাঁও ২০ শয্যা হাসপাতালের সহকারী সার্জন ডা. শেখ হোসনে আরা। অ্যানেসথেসিয়া প্রয়োগ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুরুল আলম।  খাদিজা আক্তারের গর্ভে দুটি সন্তান থাকলেও অপারেশন করে একটি সন্তান বের করে অন্যটি টিউমার বলে অপারেশন শেষ করেন ডা. হোসনে আরা।

পরে দীর্ঘ একমাস সন্তান পেটে রেখেই টিউমারের চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি করেন খাদিজা আক্তার। ৫/৬ দিন আগে তিনি হোমনার একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করিয়ে জানতে পারেন তার পেটে টিউমার নয়, আরেকটি সন্তান রয়েছে। রোগীর পরিবার এ বিষয়ে তাৎক্ষণিক লাইফ হসপিটাল কর্তৃপক্ষ ও ডা. শেখ হোসনে আরাকে জানালে তারা প্রসূতির পরিবারের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব দেয়।

প্রসূতির মা আমেনা বেগম জানান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ ও সাংবাদিকরা বিষয়টি জানার পর লাইফ হসপিটাল ও ডা. হোসনে আরা দফায় দফায় প্রসূতির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসা বাবদ যত টাকা প্রয়োজন, তা বহন করার কথাও জানায় তারা।

আমেনা বেগম বলেন, ‘লাইফ হসপিটালের আকবর মোল্লা নামের এক ব্যক্তি আমার মেয়েকে (খাদিজা) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। খাদিজার সঙ্গে তার এক মাস পাঁচ দিন বয়সী মেয়ে আদিবা ইসলাম আলফানও রয়েছে।’ তিনি আরও বলেন, ‘খাদিজার গর্ভের সন্তানটি মারা গেছে। বুধবার মেয়ের আবার অপারেশন হবে।’

এ ব্যাপারে ডা. শেখ হোসনে আরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আল্ট্রাসনোগ্রামে বলা হয়, খাদিজার পেটে দুটি সন্তান আছে। কিন্তু সেখানে বলা হয়নি একটি জরায়ুতে, অপরটি বাইরে রয়েছে। অপারেশন করতে গিয়ে একটি বেবি পেয়েছি। বাইরে টিউমারের মতো দেখেছি। রক্তক্ষরণের আশঙ্কায় সেখানে হাত দেইনি। তবে এজন্য তাকে ঢাকা মেডিক্যালে গিয়ে চিকিৎসা নিতে বলেছি। রোগী অবহেলা করে আর চিকিৎসা নেননি।’ তিনি আরও বলেন, ‘দ্বিতীয় আল্ট্রাসনোগ্রামেও বলা হয়েছে, খাদিজার পেটে আরেকটি বেবি রয়েছে। আমিও আল্ট্রাসনোগ্রাম রিপোর্টটি দেখেছি– মাথা নেই,পায়ের মতো মনে হচ্ছে। ঢাকায়ও চিকিৎসকরা দেখেছেন। তারা এখনও নিশ্চিত নন,এটি বেবি না টিউমার।’  

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন বলেন,‘এটি একটি জটিল অপারেশন। এ অপারেশন করার মতো দক্ষতা ডা. হোসনে আরার নেই। তিনি সমস্যা দেখার পর অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে পারতেন। রোগীকে পরে আরও চিকিৎসার পরামর্শ দিতে পারতেন। এখানে তার গাফিলতি ছিল বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। তিন সদস্যদের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম