গাজীপুরের বাঘের বাজার এলাকা থেকে একাধিকবার উচ্ছেদের পর আবারও সেখানে জুয়ার আসর বসানো হয়েছে। জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব আসরে কয়েকবার অগ্নিসংযোগও করা হয়।
সোমবার বিকাল থেকেই বাজারের উন্মুক্ত জায়গায় আবারও জুয়ার আসর শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে গাড়ি ও মোটরসাইকেলে করে জুয়াড়িদের আসতে দেখা গেছে।
এ বিষয়ে গাজীপুর জেলার নেজারত অব ডেপুটি কালেকটর (এনডিসি) বিএম কুদরত-এ-খুদা বলেন, ‘গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে জুয়ার আসর একাধিকবার উচ্ছেদ করা হয়েছিল। এমনকি কয়েকটি জুয়ার আসরে অগ্নিসংযোগ করা হয়। ওই আসরের কয়েকজন জুয়াড়িকে জরিমানা এবং কারাদণ্ডও দেওয়া হয়। কিন্তু শুনেছি সোমবার মাইকিং করে আদালতের নির্দেশের অপব্যাখ্যা দিয়ে এবং সরকারি লগো ব্যবহার করে আবার জুয়ার আসরটি শুরু করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শ্রীপুরে বারবার জুয়ার আসর উচ্ছেদ করার পরও তা চালু হওয়ায় জমির মালিককে ইতোমধ্যে নোটিশও দেওয়া হয়েছে।’
স্থানীয় রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান জানান, শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকার আব্দুল গফুর গংদের জমিতে নিয়মিত জুয়ার আসর বসতো। নিজের জমিতে এ আসর বসতে দেওয়ার অভিযোগে গত ৭ সেপ্টেম্বর মালিককে জমি বাজেয়াপ্ত করার নোটিশ দেন গাজীপুরের জেলা প্রশাসক। এরপর ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসক (ডিসি) ভারত সফরে গেলে জুয়ার আসরটি আবার শুরু হয়। জুয়ার আসরটি চালাচ্ছেন বানিয়ারচালা (শিরিরচালা) এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম শফি। ওই ফাঁদে পড়ে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। চুরি-ছিনতাইও বেড়ে গেছে। এছাড়া জুয়ার আসরটি স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রবেশ পথের পাশে হওয়ায় দেশি-বিদেশি পর্যটকদের নজরে পড়ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ ব্যাপারে জুয়ার আসর পরিচালনাকারী শফিকুল ইসলাম শফি জানান, আদালত থেকে অনুমতি নিয়ে এলাকায় ওয়ান টেনসহ কয়েকটি খেলা চালু করেছেন। এরজন্য শিল্প মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিয়ে সরকারকে ট্যাক্সও দিচ্ছেন।
তবে আদালতের অনুমতিপত্র এবং লাইসেন্স দেখতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, হাউজিং মাঠের সামনে এ সংক্রান্ত একটি সাইনবোর্ড টানানো আছে।
এনডিসি কুদরত বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী আবদ্ধ পরিবেশে সীমিত পর্যায়ে কিছু ইনডোর খেলার অনুমতি আছে। তবে বাঘের বাজার এলাকায় উন্মুক্ত পরিবেশে অর্থ দিয়ে জুয়ার আসর চালানো হচ্ছে। যা ওই নির্দেশনার পরিপন্থী। শিগগিরই আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আরও বলুন:
বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে কাজ চলছে: সু চি








