দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিলেটের গোয়াইনঘাটে যাত্রা শুরু করলো তামাবিল স্থলবন্দর। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ৬৯ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত সিলেট তামাবিল স্থলবন্দরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
প্রায় ২৩.৭২ একর ভূমির এই স্থলবন্দরটি চালু হওয়ার মধ্যে দিয়ে ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভূটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। পাশাপাশি প্রতি বছর শত কোটি টাকার রাজস্ব আয় হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘স্থলবন্দরটি উদ্বোধনের মধ্যে দিয়ে সরকার আরেকটি মাইলফলক অতিক্রম করেছে। এছাড়া এ বন্দর থেকে প্রতি বছর শত কোটি টাকা আসবে সরকারের ঘরে। যা দেশের জন্য বিরাট পাওয়া।’
জানা যায়, তামাবিল সীমান্ত দিয়ে সাধারণত কয়লা, চুনাপাথর, পাথর ও ফল আমদানি করা হয়ে থাকে। এসবের পাশাপাশি বিভিন্ন ধরণের খাবার রফতানি করা হয়। ২০১৫ সালের ৮ মে বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তামাবিল স্থলবন্দর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন।








