কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্যাসের সিলিন্ডারে গাঁজা পরিবহনের সময় লুৎফর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। এসময় গ্যাস সিলিন্ডার থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে করা হয়। লুৎফর রহমান উপজেলার খলিশাকোঠাল গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবি জানায়, ওই মাদক ব্যবসায়ী বাইসাইকেলে করে সীমান্ত এলাকা থেকে গ্যাস সিলিন্ডারের ভেতরে করে ৯ কেজি গাঁজা নিয়ে লালমনিরহাট জেলা শহরে যাওয়ার সময় পেটরীর বাজার এলাকায় শিমুলবাড়ী ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা তাকে আটক করে।
এ ব্যাপারে ১৫ বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম বলেন, ‘আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।’








