বগুড়ার ধুনট উপজেলার রান্দিলা গ্রাম থেকে বিউটি খাতুন (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
স্থানীয়রা জানান, ধুনট উপজেলার রান্দিলা গ্রামের আবদুস সামাদের ছেলে সজিব উদ্দিন প্রায় তিন মাস আগে সিরাজগঞ্জ জেলা সদরের ফুলকোচ গ্রামের মিন্টু মিয়ার মেয়ে বিউটি খাতুনকে বিয়ে করেন। কিন্তু অন্য মেয়ের সঙ্গে মিন্টুর সম্পর্ক আছে সন্দেহে স্ত্রী বিউটির সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে সম্প্রতি উভয় পরিবারের মধ্যে সালিসি বৈঠকও হয়। শনিবার বিকালে বাড়ির শয়ন কক্ষ থেকে বিউটির ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








