মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ঘোষিত নতুন কমিটিতে (আংশিক) কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় শহরে ভাঙচুর করার অভিযোগ উঠেছে দলের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌরসভা ভবন, শহরের চৌমুহনা ও শিল্পবাণিজ্য মেলায় হামলা চালিয়ে ভাঙচুর করেন তারা।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর আংশিক ঘোষিত কমিটিতে নিজ নিজ বলয়ের নেতাদের কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় এ হামলা চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় ১৫-২০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রসহ শহরের চৌমুহনা এলাকার রাস্তায় একটি ট্রাক ভাঙচুর করে। একই সময় অন্য একটি গ্রুপ পৌরসভা ভবনের দোতলায় বেশ কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে।
পরে তারা কোর্ট রোডের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মাসব্যাপী চলা শিল্প ও বাণিজ্য মেলায় হামলা করে। তারা মেলার গেটসহ কয়েকটি দোকান ভাঙচুর করে।
এ ঘটনার পর থেকে শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ হামলার সত্যতা স্বীকার করে বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে এবং হামলার কারণও খতিয়ে দেখা হবে।’
এ বিষয়ে জানতে শনিবার রাত ১১ টায় মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুর রহমানের মোবাইল ফোনে কল দিলে তিনি কোনও কথা বলতে রাজি হননি।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহসম্পাদক মো. কামাল হোসেনের অনুসারী নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।








