চাকা অনুযায়ী শুল্কায়ন: হিলিতে চার বছর ধরে বন্ধ ফল আমদানি

হালিম আল রাজী, হিলি
৩০ অক্টোবর ২০১৭, ১৯:১৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৯:১৩

হিলি স্থলবন্দর পণ্যবাহী ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়নের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চার বছর ধরে ভারত থেকে ফল আমদানি বন্ধ রয়েছে। লোকসানের কারণে এ স্থলবন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। একই কারণে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুকনো মরিচ, হলুদ, আদা, রসুন, হিমায়িত মাছ, শুটকি, টমেটো এবং পান আমদানিও বন্ধ রয়েছে। এতে বন্দরটি কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে। হিলি স্থলবন্দর সংশ্লিষ্টরা বলছেন, এসব পণ্য এখন সাতক্ষীরার ভোমরা ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে।  ওই বন্দরগুলো শুল্কায়নের নিয়ম মানছে না বলেও অভিযোগ করেছেন তারা।

হিলি স্থলবন্দর সংশ্লিষ্টরা বলছেন, ভোমরা বা সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কোনও কারণে ওইসব পণ্য আমদানিতে সমস্যা হলে তা হিলি স্থলবন্দর দিয়ে খালাস করা হয়। এভাবে এখন এ বন্দর দিয়ে মাঝে মধ্যে এক-দুই ট্রাক করে এসব পণ্য আমদানি হচ্ছে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন নিয়ম চালুর আগে হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন কমলা, আপেল, কেনু, আঙুর, আনারসহ বিভিন্ন ধরনের তাজা ফল ৩৫ থেকে ৪০ ট্রাক আমদানি হতো।

হিলি শুল্ক স্টেশন ২০১৩ সালে সোনা মসজিদ স্থলবন্দরে শুল্ক ফাঁকির মাধ্যমে ফল আমদানি করার বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি প্রতিবেদন দেয়। এতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওই বছরের ২৭ ফেব্রুয়ারি  সোনা মসজিদ ও  হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানির ক্ষেত্রে ৬ চাকার গাড়িতে ১৪ টন, ১০ চাকার গাড়িতে ১৮ টন এবং ১২ চাকার গাড়িতে ২০ টন পণ্যের শুল্কায়নের আদেশ দেয়। এরপর লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের তাজা ফল আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

শুল্ক ফাঁকির ঘটনাটি সোনা মসজিদ স্থলবন্দরের হলেও পরে ওই বন্দরের ক্ষেত্রে জারি করা নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু হিলি স্থলবন্দরের ক্ষেত্রে নিয়মটি বলবৎ রয়েছে। এরপর গত বছরের অক্টোবরে দেশের সব স্থলবন্দরের জন্য পণ্যবাহী ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়নের নির্দেশনা জারি করে এনবিআর। হিলি স্থলবন্দরের একটি সূত্র জানায়, ওই নির্দেশনার পর থেকে ভোমরা ও সোনা মসজিদ ছাড়া দেশের আর কোনও স্থলবন্দর দিয়ে ফল আমদানি করা হয় না।

এছাড়া, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুকনো মরিচ আমদানির ক্ষেত্রে ৬ চাকার গাড়ির ক্ষেত্রে ১৫ টন, ১০ চাকার গাড়িতে ২০ টন, হলুদ ১০ চাকার গাড়িতে ১৬ টন, ১২ চাকার গাড়িতে ২০.৫০ টন, আদা ৬ চাকার গাড়িতে ১৬ টন, ১০ চাকার গাড়িতে ২০ টন, রসুন ৬ চাকার গাড়িতে ১৬ টন, ১০ চাকার গাড়িতে ২০ টন পণ্যের শুল্কায়নের নির্দেশনা জারি করা হয়।

২০১৩ সালে শুধু সোনা মসজিদ ও হিলির জন্য ফল আমদানির ক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়নের নিয়ম হয়। পরে গত বছরের অক্টোবর থেকে দেশের সব বন্দর দিয়ে বেশকিছু পণ্য আমদানির ক্ষেত্রে চাকা অনুযায়ী শুল্কায়নের নির্দেশনা জারি করা হয়। এতে কমলা, কেনু, মালটা আমদানির ক্ষেত্রে ৬ চাকার গাড়িতে ১৬ টন, ১০ চাকার গাড়িতে ২০ টন, আঙুর ৬ চাকার গাড়িতে ১৭ টন, ১০ চাকার গাড়িতে ২০ টন, আনার ও আপেল ৬ চাকার গাড়িতে ১৭ টন, ১০ চাকার গাড়িতে ২৪ টন, আম ৬ চাকার গাড়িতে ২০ টন, ১০ চাকার গাড়িতে ২৪ টন, হিমায়িত মাছ ৬ চাকার গাড়িতে ৫ টন, ১০ চাকার গাড়িতে ৯ টন, ১২ চাকার গাড়িতে ১২ টন, শুটকি ৬ চাকার গাড়িতে ১০ টন, ১০ চাকার গাড়িতে ১৬ টন, ১২ চাকার গাড়িতে ১৮ টন, টমেটো ৬ চাকার গাড়িতে ১৪.৫০ টন, ১০ চাকার গাড়িতে ১৭ টন, ১২ চাকার গাড়িতে ১৮.৫০ টন, পান ৬ চাকার গাড়িতে ৫ টন, ১০ চাকার গাড়িতে ৮ টন, ১২ চাকার গাড়িতে ১০ টন হিসেবে শুল্ক আহরণের নির্দেশনা জারি করা হয়।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি স্থলবন্দরের সঙ্গে ভারতের হিলি বন্দরের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় আমদানি করা পণ্য সহজেই দেশে প্রবেশ করতে পারে। হিলির সঙ্গে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের যোগাযোগ ব্যবস্থাও ভালো। ফলে আমদানিকারকরা আমদানি করা ফলসহ বিভিন্ন পণ্য সহজেই দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে পাঠাতে পারেন। এসব কারণে দেশের বিভিন্ন স্থানের আমদানিকারকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে হিলি স্থলবন্দর।’

তিনি আরও বলেন,  ‘২০১৩ সালে নতুন নিয়ম চালুর আগে হিলি দিয়ে ভারত থেকে গড়ে প্রতিদিন ৩৫ থেকে ৪০ ট্রাক ফল আমদানি হতো। কিন্তু সোনা মসজিদ স্থলবন্দরে শুল্কফাঁকির মাধ্যমে ফল আমদানির এক ঘটনায় হিলি দিয়ে ফল আমদানির ক্ষেত্রে গাড়ির চাকা অনুযায়ী শুল্কায়নের পদ্ধতি চালু করা হয়। এর ফলে একজন আমদানিকারক একটি ৬ চাকার গাড়িতে ৫ টন ফল আমদানি করলেও ওই নির্দেশনা অনুযায়ী ১৪ টন হিসেবে পণ্যের শুল্কায়ন করে রাজস্ব আদায় করা হবে। এতে আমদানিকারকরা হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ কারণে তারা এ বন্দর দিয়ে ফল আমদানি সম্পূর্ণরূপে বন্ধ রেখেছেন। গত চার বছর ধরেই বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রয়েছে।’ তিনি আরও বলেন,  ‘একই কারণে শুকনো মরিচ, হলুদ, আদা, রসুন, হিমায়িত মাছ, শুটকি, টমেটো ও পান আমদানিও বন্ধ রয়েছে। তবে মাঝে মধ্যে বন্দর দিয়ে ফলসহ এসব পণ্য আমদানি হচ্ছে।’

হিলি স্থলবন্দরে রাজস্ব ফাঁকির কোনও ঘটনা আজ পর্যন্ত ঘটেনি বলেও দাবি করেন হারুন উর রশীদ। রাজস্ব আহরণের স্বার্থে হিলি স্থলবন্দর দিয়ে ফলসহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে গাড়ির চাকা অনুযায়ী শুল্কায়নের পদ্ধতি শিথিল করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক সিঅ্যান্ডএফ এজেন্ট জানান, গত বছর থেকে দেশের সবগুলো বন্দর দিয়ে ফল আমদানির ক্ষেত্রে গাড়ির চাকা অনুযায়ী শুল্কায়নের নির্দেশনা থাকলেও ভোমরা ও সোনা মসজিদ বন্দরের ক্ষেত্রে এ নিয়ম মানা হয় না। এসব বন্দর দিয়ে ফল আমদানির ক্ষেত্রে ট্রাকে যে পরিমাণ পণ্য রয়েছে সে অনুযায়ী পরীক্ষণ ও শুল্কায়ন করে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা ভালো পাওয়ার ফলে আমদানিকারকরা বর্তমানে ওইসব বন্দর দিয়ে ফল আমদানি করছেন।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানের আমদানিকারকরা হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি করতেন। এতে আগে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৩৫ থেকে ৪০ ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হতো। এখন নতুন শুল্ক আহরণের পদ্ধতির ফলে গত চার বছর ধরে হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি বন্ধ রয়েছে। এতে বন্দরের অন্তত ৩০ থেকে ৪০ জন সিঅ্যান্ডএফ এজেন্ট তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন। অনেকেই দীর্ঘদিন ধরে কাজ না থাকায় অফিস ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে না পেরে  অফিস গুটিয়ে নিয়েছেন।’      

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মো. মশিয়ার রহমান মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে ফলসহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে এনবিআর গাড়ির চাকা অনুযায়ী পণ্যের শুল্কায়নের নির্দেশনা দিয়েছে। আমরা সে অনুযায়ী শুল্কায়ন করে  পণ্য ছাড় করছি।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম