নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজত ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। মামলার পরবর্তী তারিখ আগামী ৪ জানুয়ারি ধার্য করা হয়েছে।
মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার নিজেই শুনানিতে অংশ নেন।
তৈমূর আলম খন্দকার জানান, তিনিসহ সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির বর্তমান সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা খালেদা জিয়ার নির্দেশে হেফাজতের সমাবেশে খাবার ও পানি পরিবেশন করেছিলাম। নিম্ন আদালত এখন সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। আমাদের ওপর অবিচার করা হচ্ছে। আমরা এই অভিযোগের বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।’
২০১৩ সালের ৬ মে সিদ্ধিরগঞ্জে হেফাজতের সমাবেশে আসা নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। পরে ওই ঘটনায় সার্জেন্ট সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন।








