ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এই হামলায় সঙ্গে তার দলের কোনও সহযোগী সংগঠনের নেতাকর্মী জড়িত নয় বলেও তিনি জানিয়েছেন।
বুধবার (১ নভেম্বর) শহরের ট্রাংক রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘একদিকে ভিপি জয়নাল, অন্যদিকে রেহানা আক্তার রানু, আরেকদিকে আবদুল আউয়াল মিন্টু ও গাজী মানিকসহ অসংখ্য গ্রুপ রয়েছে। তারা কেউ একে অপরের নেতৃত্ব মেনে নিতে পারেন না। ফেনী জেলা বিএনপি বহু গ্রুপ-উপগ্রুপে বিভক্ত। ঘটনার দিন ওইসব গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। এ গ্রুপিংকে পুঁজি করে কেন্দ্রীয় নির্দেশে ইস্যু তৈরি করার জন্য এ হামলা করানো হয়।’
২০১৩ সালে ফেনী পাইলট হাই স্কুল মাঠে খালেদা জিয়ার সমাবেশে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ফেনী সার্কিট হাউজ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জেলা যুবদল সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক হামলা করেছিল সেসময়।’
সাম্প্রতিক হামলার ব্যাপারে নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানাই। হামলায় জড়িত ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সোহাগ ভূঞাঁসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির সব দোষীদের গ্রেফতারের দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, সহসভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, অ্যাডভোকেট প্রিয় রঞ্জন; সোনাগাজী পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।








