নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। বুধবার (১ নভেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান। মেলার প্রথম দিনেই করদাতাদের ভিড় ছিল লক্ষণীয়।
নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরির সভাপতিত্বে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।
অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, ‘কর ফাঁকি দিয়ে ব্যবসা করা যাবে, সেই দিন আর নেই। সবকিছু এখন একটা সিস্টেমে চলে এসেছে।’ তিনি বলেন, ‘বিদেশে সবকিছু হয় অনলাইনে। মাঝখানে কোনও মিডল পার্সন নেই। মিডেল পার্সন থাকলেই ঝামেলা হয়।’ তিনি নারায়ণগঞ্জ কর অঞ্চলসহ সব কর অঞ্চলের ব্যবসায়ীদের অনলাইনে ট্যাক্স দিয়ে ব্যবসা করার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আগে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে ভীতি কাজ করত। কিন্তু এখন আর সেই ভীতি নেই। এজন্য তিনি নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।’
নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার রেজাউল করিম চৌধুরি বলেন, ‘করদাতা ও সেবা গ্রহীতাদের সুবিধার্থে আয়কর মেলায় রিটা র্ন নেওয়া, অধিক্ষেত্র বুথ, অনলাইন রিটা র্ন নেওয়ার বুথ ছাড়াও নারী, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও বয়োজ্যেষ্ঠ করদাতাদের জন্য আলাদা আলাদা বুথ থাকবে আয়কর মেলায়। সব মিলিয়ে ২৫টি বুথের মাধ্যমে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।’
গত বছর নারায়ণগঞ্জ জেলার ১৩ হাজার করদাতার কাছ থেকে ২ কোটি ১১ লাখ টাকা আয়কর আদায় করা হয়েছে জানিয়ে এই কর কমিশনার বলেন, চলতি বছর কর আদায়ের পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যাবে আশা করছেন তারা।
এদিকে একই ছাতার নিচে কোনও ধরনের ঝামেলা ছাড়াই কর দেওয়া, নতুন টিআইএন নম্বর নেওয়া, রিটার্ন দাখিলের মতো সব সেবা পেয়ে সন্তোষ জানিয়েছেন করদাতারা। ৪ নভেম্বর পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই মেলা।








