চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট জেলেপাড়ায় এডিস মশাবাহিত চিকনগুনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ পাড়ার ৯৫ জন বাসিন্দা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৫ জন ওই এলাকার দক্ষিণ পাড়ার, বাকিরা উত্তর পাড়ার বাসিন্দা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে একসঙ্গে অনেকের জ্বরে আক্রান্ত হওয়ার খবর পেয়ে বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লক্ষণ দেখে মনে হচ্ছে, তারা চিকনগুনিয়ায় আক্রান্ত। তাই ম্যালেরিয়া প্রজেক্টের আওতায় আক্রান্তদের ৯৫ জনকে মশারি বিতরণ করা হয়েছে।’
জেলেপাড়াটি সাগর তীরে অবস্থিত। ওই পাড়ায় ২৭৫টি পরিবারের প্রায় দেড় হাজার মানুষ বসবাস করেন। আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে জানানো হয়েছে। ঢাকা থেকে চিকিৎসকদের একটি দল আজ (বৃহস্পতিবার) আসবেন। তারা রক্তের নমুনা সংগ্রহ করবেন। পরীক্ষার পরই চিকুনগুনিয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এজন্য কয়েকদিন সময় লাগবে।
সিভিল সার্জন বলেন, ‘প্রাথমিকভাবে ওই এলাকায় মাইকিং করে মশা থেকে নিরাপদে থাকতে জেলেপাড়ার বাসিন্দাদের সর্তক করা হয়েছে। এছাড়া ১৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে, যারা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন থাকার বিষয়ে দিক নির্দেশনা দিবেন।’








