ময়মনসিংহের ত্রিশাল থেকে জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণ (২৪) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে বলে দাবি করেছে র্যাব। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিন বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ময়মনসিংহ র্যাব-১৪।
জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণের বাড়ি চাঁদপুরে। সে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র।
সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর উপ-পরিদশর্ক (এসআই) রুবেল হাওলাদার জানান, জাহাঙ্গীর জেএমবির নতুন সদস্য সংগ্রহ করতে গোপন মিশন নিয়ে ত্রিশালে এসেছে বলে জানতে পারে র্যাব। পরে আজ দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জেহাদি বই ও লিফলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, জাহাঙ্গীর আলম ওরফে শ্রাবণকে জিজ্ঞাসাবাদ চলছে। র্যাব কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হবে।








