নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর একটি চক্র। তবে এ চক্রের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষা। ৪ নভেম্বর পরীক্ষা শেষ হবে।
অভিযোগ পাওয়া গেছে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র প্রশ্নপত্র দেওয়ার আশ্বাস দিয়ে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের প্রতারিত করার অপতৎপরতা চালাচ্ছে। নোবিপ্রবি বা এনএসটিইউ’র নাম ব্যবহার করে ফেসবুকের বিভিন্ন আইডি, গ্রুপ ও পেজে প্রশ্নপত্র দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়ার অপপ্রচার চালাচ্ছে চক্রটি।
এছাড়া হোয়াটসআ্যপ, ইমো ও নির্দিষ্ট মোবাইল নম্বরে অর্থ লেনদেনের কথাও বলছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ ধরনের ফেসবুক আইডি, গ্রুপ ও মোবাইল নম্বরের বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সব তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, ‘যেসব মোবাইল নম্বর এবং ফেসবুক গ্রুপ থেকে প্রশ্নপত্র দেওয়ার গ্যারান্টি দেওয়া হয় সেসব নম্বর ও অ্যাকাউন্ট সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। তা না হলে জালিয়াতি চক্রের কোনও ঘটনার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।’








