সমাজতন্ত্র মানুষের মুক্তির পথ দেখায়: রাশেদ খান মেনন

সাতক্ষীরা প্রতিনিধিসাতক্ষীরা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ০৪:৫২আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ০৪:৫৪

সমাজতন্ত্র মানুষের মুক্তির পথ দেখায়: রাশেদ খান মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সমাজতন্ত্র কেবল সংবিধানে লিখে রাখার বিষয় নয়। সমাজতন্ত্র মানুষের মুক্তির পথ দেখায়। বাংলাদেশে সমাজতন্ত্রের চিন্তা এমনি এমনি আসেনি। এসেছে ত্রিশ লাখ শহীদের রক্ত, প্রাণ ও আত্মত্যাগের মধ্যদিয়ে। মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পাওয়া সংবিধান থেকে এসেছে বাংলাদেশের সমাজতন্ত্র। সমাজতন্ত্র বাদ দিয়ে গণতন্ত্র হয় না। আমরা যে উন্নয়নের কথা বলি, সেটি কেবল ইট কাঠ অবকাঠামো উন্নয়নের ব্যাপার নয়।  এটি আসলে জনজীবনের সমস্যা মোকাবিলা করে মানুষের আর্থিক-সামাজিক উন্নয়নের ব্যাপার। বলার অপেক্ষা রাখে না দেশ এগিয়ে চলেছে। কিন্তু দেশকে এগিয়ে নিতে মানুষের কথা প্রাণ থেকে শুনতে হবে। সত্যিকার অর্থে জনগণের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে।

শনিবার বিকালে সাতক্ষীরার শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুশ বিপ্লবের শতবর্ষের সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আরও বলেন, ‘রুশ বিপ্লবের অনুপ্রেরণা বাংলাদেশের সব মানুষের।   ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সব রকম গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের বামপন্থীরাই ছিল অনুঘটকের ভূমিকায়। রুশ বিপ্লবের অনুপ্রেরণায় বাংলাদেশকে সমাজতন্ত্রের পথেই এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজতন্ত্র ছাড়া বাংলাদেশে কখনও গণতন্ত্রের পূর্ণ বিকাশ হবে না ।’

রাশেদ খান মেনন বলেন, ‘হঠাৎ করে ক্রমাগতভাবে বেড়ে চলেছে মরিচ-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য। খতিয়ে দেখতে হবে কারা এই সংকটের সঙ্গে জড়িত আছে। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে বিএনপি-জামায়াত জোট এটাকে সুযোগ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ভুলে গেলে চলবে না মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার হিসেবে আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে সুশাসন নিশ্চিত করা, উন্নয়ন অব্যাহত রাখা। ক্ষেতমজুরের রেশনিং, যুবসমাজের কাজ, ছাত্রদের বিজ্ঞানভিত্তিক গণমুখী শিক্ষার দাবি পূরণের প্রতিশ্রুতি থেকে আমরা সরে আসিনি। একে একে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তার জন্য সংসদে ও রাজপথে ওয়ার্কার্স পার্টির যে লড়াই জারি রয়েছে, তা অব্যাহত থাকবে। সমাজতন্ত্র ও গণতন্ত্র অভিমুখী লড়াইয়ে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি’র নেতাকর্মীদের আত্মত্যাগ স্মরণযোগ্য। ওয়ার্কার্স পার্টি তার লক্ষ্য থেকে কোনোদিন বিচ্যুত হয়নি। আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের জন্য পার্টির নেতাকর্মীরা জনগণকে সংগঠিত করে প্রতিদিন প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাবে।’

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ এমপির সভাপতিত্বে আলোচনা করেন শিক্ষাবিদ সুশান্ত দাস, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর মোস্তাক আহমেদ রবি এমপি, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা দীপংকর সাহা দিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জাসদ (ইনু)’র জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, জাসদ (আম্বিয়া)জেলা কমিটির সভাপতি সরদার কাজেম আলী, সিপিবি’র জেলা কমিটির সভাপতি আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা সাবীর হোসেন, ফাহিমুল হক কিসলু, ময়নুল হক প্রমুখ।  এর আগে অনুষ্ঠানের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করা হয়।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম