পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেমকন গ্রুপের কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের অফিসে হামলা চালিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর, লুটপাটের অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (০৫ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বি এম তারিকুল ইসলাম এ রায় দেন।
আদালত বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামানকে সাড়ে পাঁচ বছর, বদিউজ্জামানকে সাড়ে তিন বছর, বাবুল ইসলামকে সাড়ে চার বছর, শেখ কামালকে দেড় বছর, মো. মানিক, আজিরুল ও ফয়জুল হককে এক বছর করে এবং সাউয়াল, সিরাজউদ্দিন ও কুটুলকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান, বদিউজ্জামান, বাবুল ইসলাম ও শেখ কামাল আপন ভাই।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১২ সালের ১৯ মার্চ ভোর পাঁচটার দিকে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে ৪/৫শ লোক ছোরা, রামদা, লোহার রড, বল্লম, চাইনিজ কুড়াল নিয়ে বুড়াবুড়ি ইউনিয়নের হারাদীঘিতে টি এস্টেটের ক্লাব হাউসে জোর করে ঢুকে নৈশপ্রহরীদের মারধর ও জখম করে মালামাল ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রতিষ্ঠানের এক কোটি তিন লাখ পাঁচ হাজার ৭৫০ টাকার ক্ষতি হয়।
পরদিন জেমকন গ্রুপের মহাব্যবস্থাপক (এস্টেট ডিপার্টমেন্ট) মো. আবু হাফিজ তেঁতুলিয়া থানায় কামরুজ্জামানসহ ৩৫ জনের নামে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা ২০১৩ সালের ২৬ মে ৩৮ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাদীপক্ষের আইনজীবী মির্জা নাজমুল ইসলাম জানান, আদালত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।








