গোপালগঞ্জে জেএসসি পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে বিক্রির অভিযোগে সুরেশ বিশ্বাস (৩০) নামে এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৮ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. তাছলিমা আলী সাজা দেন। একইসঙ্গে ওই ব্যবসায়ীর ফটোকপির দোকানটিও সিলগালা করা হয়েছে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাজেদুর রহমান জানিয়েছেন, বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষাকেন্দ্রে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষার উত্তরপত্র দোকান মালিক সুরেশ বিশ্বাস বিক্রির জন্য ফটোকপি করছিল। পুলিশ এ খবর পেয়ে তাকে উত্তরপত্রসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সুরেশ বিশ্বাসকে দুই বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।








