চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ নভেম্বর) চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন। নির্দোষ প্রমাণিত হওয়ায় এ মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত দুই জন হলেন- মো. এরশাদ এবং মোসলেম উদ্দিন ওরফে বাবুইয়া। দু’জনই পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পিপি জাহাঙ্গীর আলম। তিনি বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর সকালে ডবলমুরিং থানার রাজস্থান হোটেলের সামনে ছুরিকাঘাতে খুন হন আবু তাহের নামে এক ব্যক্তি। এ ঘটনায় পরদিন তাহেরের বাবা আবুল খায়ের চার জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ১৯৯৭ সালের ২৭ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এই অভিযোগপত্রের আলোকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে আজ (বুধবার) আসামিদের বিরুদ্ধ ওই রায় দেন আদালত।








