বরিশাল বিভাগের ছয় জেলায় পাঁচ ক্যাটাগরিতে ৫৫ জন সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। এর মধ্যে এ বছর কর বাহাদুর হওয়া ছয় পরিবারের সদস্যরাও রয়েছেন। বুধবার (৮ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি করপোরেশন এলাকার প্রতিটিতে সর্বোচ্চ করদাতা তিন জন, দীর্ঘ মেয়াদি করদাতা দুই জন, সর্বোচ্চ নারী করদাতা একজন, ৪০ বছরের নিচে তরুণ করদাতা একজনসহ মোট ৪৯ জনকে সন্মননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া জেলাগুলোর যে পরিবারের প্রত্যেক সদস্য কর দেন, এমন ছয়টি পরিবারকে দেওয়া হয় কর বাহাদুর সম্মাননা সনদ ও ক্রেস্ট।
বরিশালের কর অঞ্চলের আঞ্চলিক কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এতে বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু।








