ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের শ্মশানঘাট এলাকায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত জহুর মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা (৪৮) ও লাভলু মোল্লা (৪২)।
নিহতদের পরিবার জানায়, একই এলাকার এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. কওসার শেখের সঙ্গে নিহতের পরিবারের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে ইদ্রিস ও লাভলু ব্যবসায়িক কাজ শেষে আলফাডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে শ্মশানঘাট এলাকায় পৌঁছালে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে কওসারের লোকজন। আহতদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান বলেন, অপরাধীদের খুঁজতে পুলিশ সক্রিয় হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








