আগামী নির্বাচনে ধানের শীষের জয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘তবে সেই নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না। নির্বাচন হবে তত্ত্বাবধায়ক অথবা সহায়ক সরকারের অধীনে।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শনিবার বিকাল ৩টায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনে জনে জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘রবিবার ঢাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত মহাসমাবেশ থেকে বেগম খালেদা জিয়া সুস্পষ্ট দিক-নির্দেশনা দেবেন। সেই নির্দেশনা নিয়ে আমাদেরকে সারা দেশে ছড়িয়ে পড়তে হবে।’
আওয়ামী লীগকে আঙ্গুল উঁচিয়ে চোখ রাঙিয়ে হুমকি দিয়ে কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘সামরিক স্বৈরশাসক এরশাদকে ক্ষমতা থেকে উৎখাত করে দেশনেত্রী বেগম জিয়া আন্দোলন কাকে বলে দেখিয়ে দিয়েছিলেন।’
দুদু বলেন, ‘সংবিধানে যতোগুলো খারাপ ধারা এসেছে, সবগুলো সংযোজন করেছে শেখ মুজিব অথবা শেখ হাসিনা।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু সভায় সভাপতিত্ব করেন।








