মাদারীপুরের রাজৈরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজৈর মিলনায়তনে ওই অনুষ্ঠানে সংঘর্ষে কয়েকজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের রাজৈর পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পিকুল মাতুব্বর ও যুবলীগ সদস্য ইমরান ফকিরের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের সূত্রপাত হয়। তখনও কেক কাটা হয়নি। অনুষ্ঠানস্থলে থাকা রাজৈর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে উপস্থিত সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে তেমন কেউ আহত হয়নি। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাদারীপুরের রাজৈর উপজেলা যুবলীগের সভাপতি নূরুল হক খান বলেন, ‘সিনিয়র-জুনিয়র হিসেবে সামনের চেয়ারে বসা নিয়ে তর্ক-বিতর্ক হয়। কিন্তু সভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দিয়েছেন।’








