গাজীপুরের নুহাশ পল্লীতে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং ছোট দুই ছেলে নিষাদ ও নিনিতের পক্ষ থেকে সোমবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টায় নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় মেহের আফরোজ শাওন বলেন, ‘নুহাশ পল্লীতে একটি হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর করব। পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলেছি। আশা করছি পারিবারিক সম্মতিতে খুব শিগগিরই জাদুঘরের কাজ শুরু করতে পারব। হুমায়ূন আহমেদের ব্যবহৃত জিনিস, হাতে লেখা স্ক্রিপ্ট, বই, চশমা, পানি খাওয়ার গ্লাস এগুলো আমার কাছে, তার ভাই-বোনদের কাছে ও সন্তানদের কাছে আছে।’ সেগুলো সেই জাদুঘরে রাকা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ক্যান্সার হাসপাতালের স্বপ্ন ছিল হুমায়ূন আহমেদের। হাসপাতাল প্রতিষ্ঠার জন্য তিনি যে ডাক দিয়েছিলেন তার অবর্তমানে আর সেই ডাকের কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সরকারি সব পর্যায়ের লোকজন সবাই এগিয়ে এলে হুমায়ূন আহমেদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।’
এর আগে প্রথম প্রহরে নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারী ও হিমু পরিবহনের সদস্যরা হুমায়ূন আহমেদের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করেছেন। এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে সাত দিনব্যাপী নুহাশ পল্লীতে চিত্রশিল্পী আসাদ খানের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে আমেরিকার একটি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২৪ জুলাই গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের নুহাশ পল্লীর লিচু গাছ তলায় সমাহিত করা হয় তাকে।








