কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার মামলায় অস্ত্রদাতা ও পরিকল্পনাকারী হিসেবে নব্য জেএমবির শীর্ষ নেতা আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৭ সেপ্টেম্বর একই মামলায় গুলশানে হলি আর্টিজানের ঘটনায় আটক জঙ্গি মিজানুর রহমান ওরফে বড় মিজানকেও পাঁচদিনের রিমান্ডে নিয়েছিল কিশোরগঞ্জ পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান জানান, গত ২২ আগস্ট আদালতে জঙ্গি সোহেল মাহফুজকে গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের জন্য জিজ্ঞাসাবাদের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার তাকে কিশোরগঞ্জ আনা হয়। পুলিশ জানিয়েছে, জঙ্গি সোহেল মাহফুজ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সাদীপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল ও গোদাগাড়ি থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন।
এদিকে শোলাকিয়া জঙ্গি হামলা মামলায় কিশোরগঞ্জ কারাগারে আটক মিজানুর রহমান ওরফে বড় মিজান, আনোয়ার হোসেন, রাজিব গান্ধি ও তানিমকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সোহেল মাহফুজকে পুলিশের জিম্মায় ও অন্যদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি জানান, সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে শোলাকিয়া জঙ্গি হামলা ঘটনার পরিকল্পনা, অর্থ ও অস্ত্রের জোগানদাতাদের বিষয়ে নতুন তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ৭ জুলাই ইদুল ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমুদ্দিন স্কুলের পাশে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক জঙ্গি ও বাড়ির ভেতরে থাকা ঝরনা রাণী ভৌমিক নামে এক গৃহবধূসহ চারজন নিহত হন। গুরুতর আহত হয় আট পুলিশসহ তিন পথচারী।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৬টি ধারায় পাকুন্দিয়া থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামছুদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলে আটক এক আসামি শফিউল ইসলাম গত বছরের ৫ আগস্ট বন্দুকযুদ্ধে নিহত হয়। এছাড়া বর্তমানে মামলার আসামি হিসেবে ঘটনাস্থলে আটক জঙ্গি জাহিদুল হক ওরফে তানিম ও জঙ্গিদের আশ্রয়দাতা বাড়ির মালিক আনোয়ার হোসেন এবং চলতি বছরের ২৯ মে গ্রেফতার দেখানো গুলশানের হলি আর্টিজানসহ সারা দেশে পরিচালিত ২৩টি জঙ্গি হামলার ঘটনায় আটক আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধি, মিজানুর রহমান ওরফে বড় মিজান কিশোরগঞ্জ কারাগারে আটক রয়েছেন।








