পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি খাল থেকে ছয় জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা। সোমবার ভোরে জন প্রতি ২০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের মাসুম বিল্লাহ (৩২), একই গ্রামের আল মামুন (২৮), জামাল সরদার (৩৮), এশার আলী (৪৩), বিল্লাল মোল্যা (৩৫) এবং কালাম গাজী (২২)।
অপহৃত জেলেদের বরাত দিয়ে ৯ নং সোরা গ্রামের আজিজুল গাজী ও আল আমিন বলেন, ‘গত তিনদিন আগে বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে জেলেরা সুন্দরবনের বাদুড়ঝুলি খাল এলাকায় কাঁকড়া ধরতে যান। সোমবার ভোরে বনদস্যু মুন্না বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে ছয় জেলেকে অপহরণ করে। পরে জনপ্রতি ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।’
সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোলীনি স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘জেলেদের অপহরণের বিষয়টি শুনেছি কিন্তু এখনও পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেননি।’
আরও পড়ুন:
সুন্দরবনে ভাসমান হাসপাতাল কবে হবে?







