চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই প্রাইভেট কার ও পাঁচটি মাইক্রোবাস উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে এসব গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এসময় গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার দায়ে চার পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির।
এ বিষয়ে দুপুর ২টায় সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
গ্রেফতার চারজন হলেন-হায়দার আলী ওরফে মঞ্জু (৩৪), ইউসুফ ওরফে ইছহাক (৬০), লিটন সেন (৩৪) ও নুরুল আলম (২৩)। তারা চারজন পেশাদার গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে হায়দার চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় থাকেন। লিটন সেন ও ইউসুফের বাড়ি ফটিকছড়ি এলাকায়। নুরুল আলম কক্সবাজার এলাকায় থেকে গাড়ি চুরি করেন।
এডিসি হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন,‘গাড়ি চুরির একটি অভিযোগ তদন্ত করতে গিয়ে আমরা এই চোর চক্রের সন্ধান পাই। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে আমরা তাদেরকে গ্রেফতার করেছি। এই চোর চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছেন, তাদেরকে গ্রেফতার করতে আমরা কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘গ্রেফতার চারজন গাড়ি চুরির পর ওই গাড়ির ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তন করেন। পরে ওই গাড়ি বিক্রি করে নিজেরা টাকা ভাগাভাগি করে নেন।’
আরও পড়ুন: পুঁজিবাদের নিদর্শন দেখছি মিয়ানমারে:অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরি








