কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১৭ অক্টোবর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক স্মারকপত্রের আলোকে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায়কে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ইউপির ১২ জন সদস্যের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গুনাইগাছ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ (খোকা) কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে ১৬ লাখ ৯৬ হাজার ৩২ টাকা ও জিআর এর ৫ মে. টন রিলিফের চাল আত্মসাত করেন।
তদন্ত সংশ্লিষ্ট চিঠির কথা স্বীকার করে চেয়ারম্যান আবুল কালাম আজাদ (খোকা) বলেন, ‘তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়েছে। আমি কোনও দুর্নীতি করিনি।’
তদন্ত কমিটির আহ্বায়ক আশোক কুমার রায় জানান, দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।







