বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বের করা আনন্দ শোভাযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ শহরের কোটচাঁদপুর সড়কের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা নিয়ে মেইন বাসস্টান্ডে পৌঁছালে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক। আমাদের র্যালিতে কেন বাধা দেওয়া হলো, প্রশাসনের কাছে এর উত্তর চাই।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের মিছিলে পুলিশ বাধা দেয়নি। উপজেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও শান্তিপূর্ণ প্রোগ্রাম করার জন্য পুলিশ তাদের সহায়তা করেছে।’








