সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের মরদেহ শনিবার (২৫ নভেম্বর) বগুড়ায় গাবতলীর মহিষাবান গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার দাদা মরহুম কামাল হোসেন মণ্ডলের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে তার গাবতলীতে দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্র জানায়, আহমেদ কামাল গত বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা রোগে ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। কর্মজীবনে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক মহাব্যবস্থাপক হিসেবে ২০০৬ সালে অবসরে যান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি মহিষাবানে বেলা দুটায় দ্বিতীয় জানাজা মহিষাবান হাইস্কুল মাঠে অনষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে দাদা মরহুম কামাল হোসেন মণ্ডলের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু জানান, দু’দফা জানাজা শেষে আহমেদ কামালকে তার দাদার পাশে দাফন করা হয়।








